জাতীয়

একগুচ্ছ স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চাঁদপুরবাসী

আপডেট: মে ১৬, ২০২৬ : ০৫:২২ এএম
একগুচ্ছ স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চাঁদপুরবাসী

দীর্ঘদিনের প্রত্যাশা ও একগুচ্ছ উন্নয়ন স্বপ্ন বুকে নিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জসহ জেলার লাখো মানুষ।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শহর থেকে গ্রাম—সবখানেই চলছে সাজসজ্জা ও প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকেও সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার (১৬ মে) সকালে সড়কপথে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এরপর দুপুরে চাঁদপুরের বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধন এবং সদর উপজেলার ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনর্খনন প্রকল্পের উদ্বোধন।

বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথাও উল্লেখ রয়েছে সফরসূচিতে।

সফর শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী এবং রাতের মধ্যে ঢাকায় ফেরার কথা রয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে। তারা আশা করছেন, এই সফরের মাধ্যমে স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলো আরও গতি পাবে।

প্রসঙ্গত, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ চার দশকের বেশি সময় পর একই খালের পুনর্খনন ও আধুনিকায়ন কার্যক্রম উদ্বোধনে আসছেন বর্তমান সরকারপ্রধান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!