জাতীয়

রাজধানীজুড়ে বাড়তি সতর্কতায় পুলিশ

আপডেট: মে ১৭, ২০২৬ : ০৪:৩৪ এএম
রাজধানীজুড়ে বাড়তি সতর্কতায় পুলিশ

রাজধানীতে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও কার্যক্রম নজরদারিতে রেখে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়। এতে নগরজুড়ে নিরাপত্তা আরও কঠোর করার পাশাপাশি ভোরের সময় অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালনের আশঙ্কা রয়েছে। এ কারণে যেকোনো ধরনের অপরাধমূলক ও অবৈধ তৎপরতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএমপির সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, শনিবার ভোর সাড়ে চারটার দিকে বনানী থানার আওতাধীন ঢাকা–ময়মনসিংহ সড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে আটক করা হয়।

রাজধানীজুড়ে পুলিশের এই সতর্ক অবস্থান সম্পর্কে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, কোনো রাজনৈতিক নিষিদ্ধ সংগঠনের দিবস আছে কি না, সেটি মুখ্য বিষয় নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ধরনের তৎপরতা নজরে এসেছে। যেকোনো অপরাধমূলক অপতৎপরতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

তিনি বলেন, সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান, টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!