প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ আগামী দুই মাসের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণ ও বিনিয়োগ সহজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
শনিবার সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে অনুষ্ঠিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের জন্য চালু হতে যাওয়া ‘প্রবাসী কার্ড’-এ বিভিন্ন বিশেষ সুবিধা থাকবে। এ কার্ডের মাধ্যমে প্রবাসীরা সরকারি নানা সেবা সহজে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সিলেটের উন্নয়ন ও বিশ্বায়নে প্রবাসীদের অবদানের প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। পাশাপাশি তাঁদের বিনিয়োগও স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার প্রবাসীদের জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, দেশে জমির পরিমাণ কমে যাওয়ায় ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের পরিবর্তে অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এসব আবাসনে শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন। প্রবাসীদের জন্য আধুনিক এ আবাসন প্রকল্প সিলেট থেকে শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য এ ধরনের উদ্যোগ প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্ম যেন মাতৃভূমির সঙ্গে সম্পর্ক না হারায়, সে জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এতে তারা দেশে এসে বিনিয়োগে আগ্রহী হবে এবং পারিবারিক বন্ধনও আরও দৃঢ় হবে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় মেডিকেল সুবিধাসহ একটি মেডিকেল ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্স রাখা হবে। একই সঙ্গে বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও চালু করেছে সরকার।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!