মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে শহরের আমিরাবাদ এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও তাদের আট মাস বয়সী শিশু সন্তান। পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী শান্তনা রানী চন্দের বাড়িতে তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে সেখানে যান।
রাতের দিকে মিষ্টি বাড়ৈ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তিনিই পুলিশকে বিষয়টি জানিয়েছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে তাকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, ঘটনাটি রহস্যজনক। বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!