আজ বিশ্ব জাদুঘর দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য—‘বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর’।
দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জাদুঘরে আলোচনা সভা, র্যালি, বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা অংশ নেবেন।
এ ছাড়া সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে আবার জাদুঘরে এসে শেষ হবে। পরে বেলা ১১টায় বিশেষ প্রদর্শনী এবং সাড়ে ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতি বছরই দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। জাদুঘরের গুরুত্ব, ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতেই এসব আয়োজন করা হয়।
আন্তর্জাতিক জাদুঘর পরিষদ (আইকম) ১৯৭৭ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করে আসছে। বিশ্বের জাদুঘরগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সচেতনতা তৈরিই দিবসটির মূল উদ্দেশ্য।
বিশেষজ্ঞরা বলছেন, জাদুঘর শুধু অতীতের নিদর্শন সংরক্ষণের স্থান নয়, এটি শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ মাধ্যমও। মানুষের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে জাদুঘরের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বাংলাদেশে বর্তমানে ছোট-বড় মিলিয়ে শতাধিক জাদুঘর রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে এসব জাদুঘরের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!