জাতীয়

চাঁদ দেখার ওপর নির্ভর করবে দুই দিনের ট্রেনের টিকিট বিক্রি

আপডেট: মে ১৮, ২০২৬ : ০৪:৫৩ এএম
চাঁদ দেখার ওপর নির্ভর করবে দুই দিনের ট্রেনের টিকিট বিক্রি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে ঈদের সম্ভাব্য তারিখ ঘিরে ২৮, ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট বিক্রি চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

রেলওয়ের ঈদযাত্রা–সংক্রান্ত কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, দেশে ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করে না। এ কারণে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের পরের দিনের টিকিট বিক্রির সূচি চূড়ান্ত করা হবে।

রেলওয়ে সূত্র বলছে, যদি ২৮ মে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়, তাহলে ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত ঘোষণার পরপরই অনলাইনে ছাড়া হবে।

এরই মধ্যে ঈদ উপলক্ষে ধাপে ধাপে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১৩ মে বিক্রি করা হয়েছে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হয়েছে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে যাত্রার টিকিট।

অন্যদিকে ঈদ শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার টিকিট ২১ থেকে ২৫ মে পর্যন্ত বিক্রি করা হবে। ওই সময় ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত যাত্রার টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ উপলক্ষে অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না।

এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা কেবল সাধারণ শ্রেণির যাত্রীদের জন্য প্রযোজ্য হবে।

রেলওয়ে কর্মকর্তারা বলছেন, ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে এবারও শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!