জাতীয়

বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধ আমদানি বাড়াতে নিউজিল্যান্ডকে আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর

আপডেট: মে ১৮, ২০২৬ : ০৫:২৭ এএম ১০
বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধ আমদানি বাড়াতে নিউজিল্যান্ডকে আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর

বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্যের আমদানি বাড়াতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

শনিবার (১৭ মে) রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব খাতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, দেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে নিউজিল্যান্ডের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

এছাড়া নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তির সুযোগ বাড়ানোর আহ্বানও জানান তিনি।

নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও খাদ্য ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন। সাক্ষাতে সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!