রংপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, একনেকে পদ্মা ব্যারাজ প্রকল্পের বরাদ্দ অনুমোদন হয়েছে এবং অদূর ভবিষ্যতে তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।
সোমবার রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস-২০২৬-এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই একটু ধৈর্য ধরুন। তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন হবে।”
তিনি জানান, বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে—ফারাক্কা চুক্তি, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। সরকার গঠনের মাত্র তিন মাস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বড় প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন কারিগরি বিষয়, পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সময়সাপেক্ষ। এসব কার্যক্রম চলমান রয়েছে।
ফারাক্কা চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী ১১ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হবে। এটি নবায়নের লক্ষ্যে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সময় ১৯৭৭ সালের চুক্তিটি ছিল সবচেয়ে সময়োপযোগী। সেই অভিজ্ঞতার আলোকে এবারও আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।
‘নতুন কুঁড়ি’ স্পোর্টসকে তৃণমূল পর্যায়ের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী চান এই আয়োজনের মাধ্যমে দেশের তরুণ খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করুক।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি সন্তানদের খেলাধুলায়ও উৎসাহিত করা উচিত। কারণ খেলাধুলার মাধ্যমেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম অর্জনের সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।
‘নতুন কুঁড়ি’ স্পোর্টস-২০২৬-এর আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় রংপুর বিভাগের আট জেলার বিজয়ী দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিকস ও সাঁতার ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!