জাতীয়

সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান মির্জা ফখরুলের

আপডেট: মে ১৯, ২০২৬ : ০৫:১৪ এএম
সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরকে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র এবং অবকাঠামো, পিপিপি, পরিবহন ও প্রযুক্তিখাতে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে।

সোমবার রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে উন্নয়ন ও আধুনিকায়নের নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে বিভিন্ন খাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।

বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুর-এর মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বিনিয়োগ, চিকিৎসা, প্রযুক্তি বিনিময়, বর্জ্য ব্যবস্থাপনা ও পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে।

সাক্ষাৎকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!