জাতীয়

২৮ মে দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা

আপডেট: মে ১৯, ২০২৬ : ০৫:১৮ এএম
২৮ মে দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২৮ মে বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেন।

সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, যুগ্মসচিব ছাদেক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমেদ এবং বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম।

এ ছাড়া সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম এবং স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলামও সভায় অংশ নেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মো. মহিউদ্দিন এবং চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!