র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, রাষ্ট্রীয় শৃঙ্খলা, জননিরাপত্তা এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে র্যাবকে আরও পেশাদার ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে।
সোমবার রাজধানীর র্যাব সদরদপ্তর-এ বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এ ছাড়া প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে র্যাব ডিজি বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে র্যাব অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান, ক্লুলেস হত্যা মামলার তদন্ত, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ডাকাতি, ছিনতাই, মানবপাচার ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠানে গত এক বছরের অভিযানিক সাফল্য ও মানবিক কার্যক্রম নিয়ে একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং প্রীতিভোজে অংশ নেন।
উল্লেখ্য, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ২০০৪ সালের ২৬ মার্চ বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি (তৎকালীন বিডিআর), কোস্ট গার্ড ও আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে র্যাব গঠন করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!