জাতীয়

চার বছরে ১০ কোটি মানুষ ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য : সমাজকল্যাণমন্ত্রী

আপডেট: মে ১৯, ২০২৬ : ০৫:২৯ এএম
চার বছরে ১০ কোটি মানুষ ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য : সমাজকল্যাণমন্ত্রী

আগামী চার বছরের মধ্যে দেশের প্রায় ১০ কোটি মানুষকে ‘ফ্যামিলি কার্ড’ বা পারিবারিক সুরক্ষা বলয়ের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

সোমবার রাজধানীর লেকশোর হোটেল-এ আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানটির আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং সিপিডি।

মন্ত্রী বলেন, সরকার আগামী অর্থবছর অর্থাৎ ২০২৭ সালের জুনের মধ্যে ৪০ লাখ ২০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে।

তিনি আরও জানান, আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরাও এই কার্ড পাবেন, তবে তাদের প্রাপ্ত ভাতার অর্থ দরিদ্রদের কল্যাণে ব্যয় করা হবে।

আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, সরকারের লক্ষ্য একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, শিশু, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় এনে জীবনমান উন্নয়ন করা হবে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এনআইডিভিত্তিক তথ্য, কিউআর কোড, বারকোড ও এনএফসি প্রযুক্তি যুক্ত করা হবে। এতে একজন নাগরিকের সব ধরনের সামাজিক সেবা একটি কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।

মন্ত্রী জানান, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার চিহ্নিত করতে ঘরে ঘরে তথ্য সংগ্রহ চলছে। ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মচারী, শিক্ষক, স্বাস্থ্য সহকারী, কৃষি কর্মকর্তা ও সমাজসেবা কর্মীদের মাধ্যমে এ তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। বর্তমানে তথ্য সংগ্রহে ভুলের হার ২ থেকে ৩ শতাংশের মধ্যে রয়েছে।

সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সাইফুল আলম খান, সিপিডি ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নীলোর্মি এবং বিআইডিএস মহাপরিচালক ড. এ কে এনামুল হক প্রমুখ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!