জাতীয়

প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে আনসার বাহিনী : প্রধানমন্ত্রী

আপডেট: মে ২০, ২০২৬ : ০৫:২১ এএম
প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে আনসার বাহিনী : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু নিরাপত্তা রক্ষায় নয়, প্রযুক্তি উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজ বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। গ্রাম, শহর, বন্দর ও পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাতেও তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনতেও আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দুর্যোগকালেও সাধারণ মানুষের পাশে থেকে সেবা কার্যক্রম পরিচালনা করেছে বাহিনীটি। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আনসার বাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আনসার বাহিনী দেশে ও বিদেশে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখছে। বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্য প্রযুক্তিনির্ভর নানা কাজে যুক্ত রয়েছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও আস্থা তৈরিতেও তারা কাজ করছে।

তিনি বলেন, নগর এলাকায় টিডিভি সদস্যরা নিরাপত্তা ব্যবস্থায় সহায়তা করছেন। ফলে আনসার বাহিনী শুধু নিরাপত্তা নয়, সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তারেক রহমান বলেন, ‘সঞ্জীবন’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান তৈরির পাশাপাশি আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রপ্তানিতেও বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছে কুচকাওয়াজ ও মৌলিক প্রশিক্ষণ প্রদর্শনী উপভোগ করেন। পরে তিনি বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাঠপর্যায়ের সমস্যার কথাও শোনেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!