জাতীয়

জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

আপডেট: মে ২১, ২০২৬ : ০৪:৫৩ এএম
জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, নতুন সরকার জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্য খাতকে স্থান দিয়েছে। তবে দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের বড় অংশ এখনো জনগণকে নিজস্ব অর্থ থেকে বহন করতে হচ্ছে, যা অনেক পরিবারকে আর্থিক সংকটে ফেলছে।

বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া ৭৯তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশে মোট স্বাস্থ্য ব্যয়ের ৭০ শতাংশের বেশি এখনো জনগণকে নিজেদের পকেট থেকে ব্যয় করতে হয়। এই পরিস্থিতি পরিবর্তনে সরকার ধাপে ধাপে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা, কার্যকর রেফারাল ব্যবস্থা এবং স্বাস্থ্য খাতের ডিজিটালাইজেশনে গুরুত্ব দিচ্ছে।

ডা. মুহিত বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য তথ্য ব্যবস্থার সমন্বয়, সংক্রামক রোগ প্রতিরোধব্যবস্থা জোরদার এবং মানসিক স্বাস্থ্য, প্রতিবন্ধীবান্ধব সেবা ও অসংক্রামক রোগ মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকির কারণে দেশে রোগের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১৩ লাখের বেশি রোহিঙ্গার দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের সীমিত স্বাস্থ্যসেবা ও অবকাঠামোর ওপর বড় চাপ তৈরি করেছে।

বৈশ্বিক স্বাস্থ্য অর্থায়নের সংকোচন, সংঘাত ও মানবিক সংকটের প্রভাব তুলে ধরে তিনি সম্পদের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় অসংক্রামক রোগ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!