তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কেবল স্বদেশপ্রেমের চর্চা করলেই হবে না, এর পাশাপাশি ইতিহাসের রাজনৈতিক ও সামাজিক জটিল গতিধারা সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকা জরুরি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে কণ্ঠশিল্পী ও গবেষক ড. অণিমা রায়ের প্রথম গ্রন্থ ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশচেতনা’-এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘সুরবিহার’।
মন্ত্রী বলেন, ইতিহাস ও রাজনীতির প্রেক্ষাপট সম্পর্কে জানলে যেকোনো সৃষ্টিশীল কাজের প্রকৃত মূল্যায়ন করা সম্ভব হয়। তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহ নতুন প্রজন্মকে সঠিকভাবে বুঝতে সহায়তা করবে এবং তাদের চিন্তাশক্তিকে সমৃদ্ধ করবে।
বক্তব্যে ইতিহাসের উদাহরণ টেনে তথ্যমন্ত্রী বলেন, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ—এই দুটি ঘটনার প্রেক্ষাপট ভিন্ন হলেও সময়ের পরিবর্তনে এর ব্যাখ্যা ও উপলব্ধি নতুন মাত্রা পেয়েছে।
তিনি বলেন, বিভিন্ন সময়ের গান ও সাংস্কৃতিক রচনাও ঐতিহাসিক আন্দোলনের প্রেরণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান শিক্ষার্থীদের স্বদেশপ্রেম চর্চার পাশাপাশি ইতিহাসের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনগুলোও শিক্ষণীয় হিসেবে বিবেচনা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়া বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, সরকারি সংগীত কলেজের বিভাগীয় প্রধান ড. কমল খালিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষক ফারজানা রশীদ ব্রাউনিয়া।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!