রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কিছুটা কমেছে। তবে বেশিরভাগ সবজিই এখনও কেজিপ্রতি ৮০ টাকার নিচে নামেনি। শুধু কিছু নির্দিষ্ট সবজি ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শুক্রবার (২২ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে যেখানে প্রায় সব সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ছিল, সেখানে এবার কিছুটা কমে বেশিরভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
তবে গোল বেগুন এখনও কেজিপ্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা বেগুন ৭০ টাকা, শসা ৬০ টাকা, করলা ৮০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, পটল ও ঝিঙ্গা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া বরবটি, পেঁপে, চিচিঙ্গা ও ধন্দুল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ১২০ টাকা।
মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী শিহাবুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে, তবে প্রায় সব সবজির দাম এখনও ৮০ টাকার আশেপাশেই। বাজার মনিটরিং আরও জোরদার করা গেলে দাম আরও কমতে পারত।
সবজি বিক্রেতা মকবুল হোসেন বলেন, সরবরাহ কিছুটা বাড়ায় দাম কমেছে। তবে গোল বেগুন ও ভালো মানের টমেটোর দাম তুলনামূলক বেশি রয়েছে।
রামপুরা বাজারের বিক্রেতা কামাল উদ্দিন বলেন, সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আরও কমতে পারে। তবে ঈদকে কেন্দ্র করে পরিবহন সংকট ও যানজটের কারণে সরবরাহ ব্যাহত হলে আবার দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, নতুন সবজি বাজারে এলে দাম আরও কিছুটা কমতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!