জাতীয়

ঈদযাত্রায় সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেল সচিব

আপডেট: মে ২৩, ২০২৬ : ০৬:৩৮ এএম ১৩
ঈদযাত্রায় সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেল সচিব

এবারের ঈদযাত্রায় ট্রেন চলাচলের সিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, যাত্রীরা এবার স্বস্তিদায়ক ঈদযাত্রার অভিজ্ঞতা পাবেন।

আজ শনিবার (২৩ মে) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রেল সচিব বলেন, টিকিট কেটে অনেক যাত্রী ট্রেনে উঠতে না পারার মতো ঘটনা এবার ঘটবে না। পাশাপাশি ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ঈদযাত্রার শুরুতেই সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ট্রেনটি সকাল ৫টা ৪০ মিনিটে ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে রিজার্ভ ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে।

এই ঘটনার কারণে পরবর্তী কয়েকটি ট্রেন ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয় বলে জানান তিনি। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও উল্লেখ করেন রেল সচিব।

রংপুর এক্সপ্রেস ১৮ মিনিট দেরিতে ছেড়েছে এবং জামালপুর এক্সপ্রেস নির্ধারিত সময়েই ছাড়ার কথা রয়েছে বলে জানান তিনি। লোকোমোটিভ সংকট প্রসঙ্গে তিনি বলেন, মিটারগেজ লোকোমোটিভ সচল রাখতে আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে ৮৫টি লোকোমোটিভ সচল রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে বর্তমানে ৭৮ থেকে ৭৯টি প্রস্তুত রয়েছে।

যাত্রী নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি এবং ভ্রাম্যমাণ আদালত মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। বিশেষ করে উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে ছাদে যাত্রী ওঠার প্রবণতা বেশি থাকায় কঠোর নজরদারি রাখা হচ্ছে।

স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রেল সচিব। এছাড়া যাত্রীদের সুবিধার্থে রেলের ১৩১ হটলাইন চালু রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!