জাতীয়

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

আপডেট: মে ২৪, ২০২৬ : ০৬:৩৪ এএম
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে নগদ অর্থ বহনের ঝুঁকি এড়াতে ‘ক্যাশলেস লেনদেন’ ব্যবহারের আহ্বান জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ রোববার (২৪ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। র‌্যাব ডিজি বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন শহরে মানুষের চলাচল কমে যায়। এ সময় পশু বিক্রির অর্থ নিয়ে ব্যবসায়ীরা ঝুঁকিতে থাকেন। তাই ছিনতাই ও অপরাধ প্রতিরোধে র‌্যাবের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, পশুর হাটগুলোতে নিরাপত্তা চৌকি, টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।

নগদ লেনদেন কমিয়ে কার্ড বা ডিজিটাল মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি। র‌্যাব মহাপরিচালক বলেন, কোরবানির পশুবাহী যানবাহনকে জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নেওয়ার চেষ্টা ঠেকাতে নজরদারি চালানো হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে টহল জোরদার করা হয়েছে।

জাল টাকা প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাল টাকা প্রস্তুতকারী ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধেও তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

এর আগে র‌্যাব ডিজি গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেন এবং যাত্রী ও বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে কথা বলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!