পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ রোববার সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি।
আগেই ঈদুল আজহাকে কেন্দ্র করে ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল সরকার। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আরও একদিন ছুটি বাড়ানো হয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা এবং তার পরিবর্তে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
পরে ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবা অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির বাইরে থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!