জাতীয়

ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: মে ২৪, ২০২৬ : ০৬:৪৮ এএম
ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘নজরুল মেলা’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে নজরুল একাডেমি চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনের পর তিনি মেলা পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং জাতীয় কবির জীবন ও সাহিত্যকর্মভিত্তিক আয়োজনগুলো পর্যবেক্ষণ করেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ‘দ্রোহের কবি, প্রাণের কবি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীও পরিদর্শন করেন। সেখানে জাতীয় কবির বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও সংগ্রামী চেতনা তুলে ধরা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির বাল্যস্মৃতিবিজড়িত ত্রিশালে এ আয়োজন শুরু হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, বই ও হস্তশিল্প প্রদর্শনীসহ নানা কর্মসূচি রয়েছে।

নজরুল মেলা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!