জাতীয়

নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদমন্ত্রী

আপডেট: মে ২৪, ২০২৬ : ০৬:৫০ এএম
নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদমন্ত্রী

পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা আরও বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, দেশের নদ-নদীগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এগুলো জীবন্ত সত্তা।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে ‘জাতীয় নদী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোঙর ট্রাস্ট আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় এক হাজার ৪১৫টি নদ-নদী রয়েছে। নদীগুলো রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, খাল ও নদী খননের পাশাপাশি অবৈধ দখল ও দূষণ প্রতিরোধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার কৃষি, মৎস্য, পরিবেশ ও জীবন-জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা শেষ হলে দ্রুত প্রকল্প অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে। সুমন শামস–এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আনিছুর রহমান খোকন এবং মনজুরুল কিবরিয়া।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!