পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছেন মো. আব্দুস সালাম।
আজ সোমবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। মো. আব্দুস সালাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানেই প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রয়োজনে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
তিনি জানান, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে চারটি প্রবেশপথ ও সাতটি বের হওয়ার পথ রাখা হয়েছে। ঈদের জামাতের জন্য ঈদগাহ প্রাঙ্গণে মোট ১২১টি কাতারের ব্যবস্থা করা হচ্ছে।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, মুসল্লিদের অজুর সুবিধার্থে পৃথক অজুখানার ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে একসঙ্গে ১৪০ জন অজু করতে পারবেন। এছাড়া ঈদগাহ প্রাঙ্গণে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থাও রাখা হয়েছে। তিনি বলেন, “সব মিলিয়ে জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!