রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
আজ রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। এতে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রামিসাকে ধর্ষণ ও হত্যার পর পালিয়ে যাওয়া আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসামি একদিনের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি জানান, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তিন দিনের মধ্যেই সেই রিপোর্ট পাওয়া গেছে। পোস্টমর্টেম রিপোর্টও হাতে এসেছে। এসব তথ্য-উপাত্ত একত্র করে চার্জশিট প্রস্তুতের কাজ শেষ হয়েছে।
মন্ত্রী বলেন, “চার্জশিট প্রণয়নের কাজ গত রাতেই শেষ হয়েছে। আজ আদালতে তা জমা দেওয়া হবে, হয়তো এরই মধ্যে হয়ে গেছে।” দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। এ বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, “শুধু এই মামলাটি পরিচালনার জন্য একজন বিশেষ পিপি নিয়োগ করা হয়েছে। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি, পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বিচারকাজ শেষ হবে।”
ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় সরকারের অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ঘৃণ্য অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!