জাতীয়

আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আপডেট: মে ২৫, ২০২৬ : ০৫:৫৬ এএম
আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, এটি দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তারও অপরিহার্য অংশ।

আজ সকালে জাতীয় সংসদ ভবন–এ ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি, যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নয়; এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের প্রতীক।”

তিনি বলেন, জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া সম্ভব হবে— বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর অনুরোধে প্রকল্পটির উদ্বোধন করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মার্কিন স্থপতি লুই আই কান–এর নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। সেই ভবনের ছাদে সৌরশক্তি ব্যবহার করে সরকার দেখাতে চায়, নেতৃত্ব শুধু নীতিনির্ধারণে নয়, বাস্তব কর্মসূচিতেও প্রতিফলিত হতে হবে।

তিনি বলেন, দেশের অর্থনীতি ও শিল্পায়ন সম্প্রসারিত হওয়ায় বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

তারেক রহমান বলেন, “সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় ও নদীভাঙন এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা। এ কারণেই টেকসই জ্বালানির পথে এগিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।”

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতিবর্গ কিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টা সৌরশক্তি পাওয়া যায়। দেশের অসংখ্য ভবনের ছাদ, শিল্পাঞ্চল, খোলা জমি ও উপকূলীয় এলাকায় নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহারে উৎসাহিত করবে। “প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক যদি এই অভিযাত্রায় অংশ নেয়, তাহলে বাংলাদেশ খুব দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারবে,” বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তারা।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!