জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাহিত্য আকাশের এক উজ্জ্বল নক্ষত্র বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নজরুলের সাহিত্যকর্ম শুধু উপমহাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও গবেষণার বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে।
রোববার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইনমন্ত্রী বলেন, নজরুল ছিলেন সাম্য, দ্রোহ, প্রেম ও মানবতার কবি। তিনি সমাজের নিপীড়িত, খেটে খাওয়া ও বঞ্চিত মানুষের কথা সাহিত্যে তুলে ধরেছেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি ছিলেন সবসময় সোচ্চার।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ নজরুলকে হৃদয়ে ধারণ করেছে। অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই তিনি রাজনীতিতেও অংশ নিয়েছিলেন। মানুষকেই সর্বোচ্চ সত্য হিসেবে বিশ্বাস করতেন তিনি।
মন্ত্রী বলেন, ধর্মের অপব্যবহার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের অবস্থান আজও সমানভাবে প্রাসঙ্গিক। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তিনি এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত।
বক্তব্যে নজরুলের শিক্ষাজীবনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ১৯১৪ সালে নজরুল ত্রিশালে স্কুলে ভর্তি হন এবং ফারসি ভাষায় ৯৮ নম্বর পেয়েছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!