জাতীয়

নিরাপদ ঈদযাত্রাই সবচেয়ে বড় আনন্দ: শেখ রবিউল আলম

আপডেট: মে ২৫, ২০২৬ : ০৬:১৫ এএম
নিরাপদ ঈদযাত্রাই সবচেয়ে বড় আনন্দ: শেখ রবিউল আলম

নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত ঈদযাত্রাই ঈদের সবচেয়ে বড় আনন্দ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সড়কপথে মানুষের যাতায়াত স্বস্তিদায়ক করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত এক গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবহন মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশে বলেন, বাইপাইল, এলেঙ্গা ও চন্দ্রাসহ গুরুত্বপূর্ণ এলাকায় সুশৃঙ্খলভাবে ঈদযাত্রা নিশ্চিত করতে হবে। মহাসড়কের পাশে অস্থায়ী বাস কাউন্টার বসিয়ে যানজট সৃষ্টি করা যাবে না এবং রাস্তার ওপর বাস দাঁড় করিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটানো থেকেও বিরত থাকতে হবে।

ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, সরকার পরিবহনসংশ্লিষ্টদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে আন্তরিক। তবে যাত্রীসেবার মান নিশ্চিত করা এবং মানুষের ভোগান্তি কমানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

গাজীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ গাজীপুর সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে পরিবহন মালিক-শ্রমিক নেতা, সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!