ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দর সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা প্রতি লিটার রাখা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনে মে মাসের জন্য ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সরকার প্রতি মাসে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় জ্বালানি তেলের দাম সমন্বয় করে থাকে। এর ধারাবাহিকতায় জুন মাসের জন্য নতুন এ মূল্য কার্যকর করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!