জাতীয়

‘সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে পার করলে ক্ষতি হবে দেশের’

আপডেট: জুন ০১, ২০২৬ : ০৫:৫৩ এএম
‘সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে পার করলে ক্ষতি হবে দেশের’

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সামনে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ না করলে ক্ষতি হবে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের।

রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে যে দায়িত্ব দিয়েছে, তা বাস্তবায়নে সরকার কাজ করছে। নির্বাচনের আগে জনগণের সামনে উপস্থাপিত পরিকল্পনা ও অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়েই একটি সফল সরকার গঠন সম্ভব।

তিনি বলেন, “আমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে কঠিন সময় অপেক্ষা করছে। এই সময়কে হালকাভাবে নিলে বড় ধরনের ক্ষতি হতে পারে। সেই ক্ষতি শুধু একটি রাজনৈতিক দলের নয়, পুরো দেশের এবং ভবিষ্যৎ প্রজন্মের।”

বক্তব্যে পিতা জিয়াউর রহমানের ব্যক্তিজীবনের কিছু স্মৃতিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ছোটবেলায় একবার বাড়ির এক কর্মচারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে জিয়াউর রহমান তাঁকে ওই কর্মচারীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। সেই ঘটনা থেকে তিনি মানুষের প্রতি সম্মান ও বিনয়ী আচরণের শিক্ষা পেয়েছিলেন।

তিনি বলেন, সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিকতা ও মূল্যবোধের চর্চা বাড়ানো প্রয়োজন। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে সরকার উদ্যোগ নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে।

জিয়াউর রহমানের আন্তর্জাতিক পরিচিতির প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, বিদেশে অবস্থানকালে বিভিন্ন মানুষের কাছ থেকে বাংলাদেশের সঙ্গে জিয়াউর রহমানের নাম উচ্চারিত হতে শুনেছেন, যা তাঁকে গর্বিত করেছে।

বর্তমান সরকারের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে জনগণ যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সেটি এখন জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন, নারীর ক্ষমতায়ন ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে সেই অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা চলছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সফল করতে শুধু মন্ত্রী বা সংসদ সদস্যদের ভূমিকা যথেষ্ট নয়। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করতে হবে।

তারেক রহমান বলেন, রাজনৈতিক আন্দোলন ও নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর সরকার প্রতিষ্ঠা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!