জাতীয়

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হয়নি: তথ্যমন্ত্রী

আপডেট: জুন ০১, ২০২৬ : ০৭:৩৩ এএম
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হয়নি: তথ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রাথমিকভাবে যা জানা গেছে, তাতে ওই প্রতিষ্ঠানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। তিনি বলেন, গণমাধ্যমের কাজকে সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।

সোমবার সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, “আমি যতটুকু শুনেছি, তাতে মনে হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভেতরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নেব।”

তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো বিভিন্ন বিষয় জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সব পক্ষের কর্তব্য।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে। প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। সরকার সেই দৃষ্টিভঙ্গি থেকেই এ ধরনের ঘটনা মূল্যায়ন করে।

ঈদের ছুটিসহ সাম্প্রতিক জাতীয় অনুষ্ঠানগুলোর প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, সরকারের কাছে পাওয়া তথ্য অনুযায়ী এসব আয়োজন শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত পরিবেশে সম্পন্ন হয়েছে। উল্লেখযোগ্য কোনো নেতিবাচক ঘটনার তথ্য সরকারের কাছে আসেনি।

সাংবাদিক নেতা, সম্পাদক ও গণমাধ্যম মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সেখানে অনেকেই মত প্রকাশ করেছেন যে বর্তমানে তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছেন এবং সরকারি কোনো চাপের মুখোমুখি হচ্ছেন না।

বিভিন্ন মামলা-মোকদ্দমার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক ক্ষেত্রে ক্ষোভ ও বঞ্চনার প্রতিফলন হিসেবে অভিযোগ ও মামলা সামনে এসেছে। তবে এসব মামলার যথার্থতা ও আইনি ভিত্তি সরকার পর্যালোচনা করছে।

মন্ত্রী বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ বা অপরাধ ছাড়া কাউকে হয়রানির সুযোগ দেওয়া হবে না। আবার যেসব অভিযোগের আইনি ভিত্তি রয়েছে, সেগুলোও দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে যাবে।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!