মশা দমনের কার্যক্রম দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মশা নিধন শেখা বা দেখার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই; দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করলেই কার্যকর ধারণা পাওয়া সম্ভব।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক প্রস্তাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও সংস্থাটির আরও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের কথা উল্লেখ করা হয়। মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে এই সফরের প্রস্তাব দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, তারেক রহমান বলেছেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশে সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই–তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকলেই মশা দমনের বিষয়ে অনেক নতুন ধারণা পাওয়া সম্ভব।”
প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে সরকারি ব্যয় সাশ্রয় ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার ওপর গুরুত্বারোপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রস্তাবটি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। তবে মশা নিয়ন্ত্রণে স্থানীয় বাস্তবতা ও কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়ার বার্তা স্পষ্টভাবে উঠে এসেছে প্রধানমন্ত্রীর মন্তব্যে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!