জাতীয়

৪১ জেলায় তাপপ্রবাহ, কয়েক দিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টি

আপডেট: জুন ০৩, ২০২৬ : ০৫:৫৭ এএম
৪১ জেলায় তাপপ্রবাহ, কয়েক দিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টি

রাজধানী ঢাকাসহ দেশের ৪১ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আপাতত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সংস্থাটি বলছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। ওই দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার থেকে দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টিপাতের বিস্তার বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

শনিবার ও রোববারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে স্বস্তি ফিরতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন পরও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!