জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ভোটে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস।
নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পান ৯৯ ভোট। অপরদিকে কাকাউরিস পান ৯১ ভোট। আট ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বাংলাদেশের প্রার্থী।
এই বিজয়ের মধ্য দিয়ে প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের একজন প্রতিনিধি নির্বাচিত হলেন। এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী এ দায়িত্ব পালন করেছিলেন।
জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হওয়াকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান ও গ্রহণযোগ্যতাকে আরও শক্তিশালী করবে।
ড. খলিলুর রহমান আগামী অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!