ভোলার প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলে পরিকল্পিত শিল্প-কারখানা গড়ে তোলার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তাঁর মতে, জ্বালানি অবকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে এ অঞ্চলে বড় বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে।
শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে এক হোটেলে বরিশাল জেলা সমিতি, ঢাকার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, কোনো অঞ্চলে বিনিয়োগের আগে বিনিয়োগকারীরা রাজনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেন। দক্ষিণাঞ্চলে গ্যাসসম্পদ থাকায় সেখানে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে শিল্পাঞ্চল গড়ে তোলা হলে তা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তথ্যমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়ন শুধু সরকারের একক এজেন্ডা হওয়া উচিত নয়। বরিশাল জেলা সমিতির মতো সামাজিক ও নাগরিক সংগঠনগুলোকেও এ অঞ্চলের সম্ভাবনা ও প্রয়োজনীয় দাবিগুলো নীতিনির্ধারকদের সামনে তুলে ধরতে হবে।
অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত যে উন্নত সড়ক রয়েছে, সেটি কুয়াকাটা পর্যন্ত সম্প্রসারণ জরুরি। অন্যথায় দক্ষিণাঞ্চলে বাড়তে থাকা যানবাহনের চাপ সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে।
পায়রা সমুদ্রবন্দরকে দেশের অর্থনীতির জন্য একটি কৌশলগত সম্পদ উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দরের ওপর চাপ কমাতে পায়রা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো প্রয়োজন। একই সঙ্গে নীতিগত সহায়তার মাধ্যমে কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী কয়েক বছরে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় দক্ষিণাঞ্চলে সমাজসেবা, শিক্ষা, শিল্প ও ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সম্মাননা পদক প্রদান করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!