জাতীয়

ফিফা বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি

আপডেট: জুন ০৮, ২০২৬ : ০৫:০২ এএম
ফিফা বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি

আগামী ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দেখানোর পথ খুলে গেছে। টুর্নামেন্টটির সর্বমাধ্যম (অল মিডিয়া) সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফার কাছ থেকে কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সভা–সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাব অনুযায়ী, এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৭১ লাখ টাকা।

এই চুক্তির আওতায় বিটিভি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অল মিডিয়া রাইটস পাবে। ফলে টেলিভিশন সম্প্রচারের পাশাপাশি অনুমোদিত বিভিন্ন প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচ, অনুষ্ঠান ও সংশ্লিষ্ট কনটেন্ট প্রচারের সুযোগ থাকবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবটির আর্থিক ও কারিগরি বিষয় পর্যালোচনা করে অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে সরাসরি এ ক্রয় কার্যক্রম সম্পন্ন হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সাধারণ মানুষের কাছে আন্তর্জাতিক ক্রীড়ার বড় আসরগুলো সহজলভ্য করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি কার্যকর হলে দেশের ফুটবলপ্রেমীরা বিটিভির মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।

আগামী বছরের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে ঘিরে ইতিমধ্যে বিশ্বজুড়ে ফুটবল–উৎসবের আমেজ তৈরি হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!