দেশের সীমান্তবর্তী ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আনসার ও ভিডিপি সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়। এর মাধ্যমে সীমান্ত এলাকায় সমন্বিতভাবে দায়িত্ব পালনের সুযোগ তৈরি হয়েছে।
বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান জানান, সমঝোতা স্মারক অনুযায়ী রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তা চাহিদার ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় পুশ-ইন প্রতিরোধে সীমান্তবর্তী ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলাগুলো হলো—চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি।
বাহিনীটি জানিয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা কার্যক্রম জোরদারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!