জাতীয়

বাসযোগ্য নগর গড়তে নাগরিকদের অংশগ্রহণ জরুরি: হাবিবুর রশিদ

আপডেট: জুন ০৯, ২০২৬ : ০৫:১৭ এএম
বাসযোগ্য নগর গড়তে নাগরিকদের অংশগ্রহণ জরুরি: হাবিবুর রশিদ

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিক সচেতনতা এবং সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

সোমবার রাজধানীর বাসাবোর বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাবিবুর রশিদ বলেন, জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার উৎস। জনগণের অর্থে পরিচালিত রাষ্ট্রে উন্নয়ন কর্মকাণ্ড, ব্যয়ের খাত এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার অধিকার নাগরিকদের রয়েছে। এই স্বচ্ছতাই সুশাসনের ভিত্তি।

প্রতিমন্ত্রী বলেন, তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৯ আসনে সড়ক উন্নয়ন, আরসিসি ঢালাই, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং পাইপলাইন স্থাপনসহ বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। আরও বেশ কিছু প্রকল্প বর্তমানে চলমান রয়েছে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন। গণশুনানিতে ডিএসসিসির অঞ্চল-২ ও অঞ্চল-৫–এর বিভিন্ন এলাকার বাসিন্দা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। তাঁরা এলাকার পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, জনস্বাস্থ্য, ট্রেড লাইসেন্স এবং হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন।

পরে প্রশ্নোত্তর পর্বে নাগরিকদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএসসিসির সংশ্লিষ্ট অঞ্চল ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!