ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রত্যাশিত মাত্রায় অগ্রসর হয়নি বলে অসন্তোষ প্রকাশ করছে বিএনপি সরকার—ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু–এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকারের নেতৃত্বাধীন প্রশাসন দায়িত্ব নেওয়ার ১০০ দিন পার করলেও ঢাকা–দিল্লি সম্পর্ক আগের অবস্থাতেই রয়ে গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া কিছু পদক্ষেপ এখনও প্রত্যাহার না করায় বিএনপি সরকারের একাংশ অসন্তুষ্ট।
দ্য হিন্দু–এর দাবি অনুযায়ী, বিএনপির একটি প্রভাবশালী অংশ মনে করে, নতুন সরকারের প্রতি সদিচ্ছার অংশ হিসেবে ভারত বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু করতে পারে, ভিসা প্রক্রিয়া সহজ করতে পারে এবং বাণিজ্য ও চিকিৎসাসেবাসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, এসব বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না থাকায় সম্পর্ক পুনর্গঠনের গতি প্রত্যাশিতভাবে এগোয়নি বলে মনে করছে বিএনপি।
ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও দাবি করা হয়, রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের উচ্চপর্যায়ের একাধিক যোগাযোগ হলেও বাস্তব অগ্রগতি সীমিত। তবে এসব বিষয়ে বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মধ্যে অভিবাসন, বাণিজ্য ও সীমান্ত ইস্যুতে পারস্পরিক অবস্থান নিয়ে টানাপোড়েন অব্যাহত রয়েছে। বাংলাদেশ এসব বিষয়ে আলোচনায় অগ্রাধিকার দিতে চাইলেও ভারতীয় কিছু রাজ্যের রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে প্রভাবিত করছে বলেও দাবি করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ঢাকা বিকল্প কূটনৈতিক অংশীদার হিসেবে মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টি বিবেচনা করছে—এমন ইঙ্গিতও পাওয়া গেছে।
তবে এসব তথ্য দ্য হিন্দু–এর সূত্রের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!