আসন্ন ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের বিষয়ে বাংলাদেশে অনিশ্চয়তা কেটে যাচ্ছে বলে জানা গেছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে বিশ্বকাপ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে।
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ক্রীড়া সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে বার্তা দেন। সেখানে তিনি জানান, বিটিভি অন্যান্য অংশীদারদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ সম্প্রচার করবে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
বার্তায় তিনি বলেন, “অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্যান্য অংশীদারদের সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রণালয় বিস্তারিত জানাবে।”
এবারের উদ্যোগে সরকারি অর্থের ব্যবহার কমানোর বিষয়ে তিনি দাবি করেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপে বিটিভি ৯৮ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব কিনলেও এবার তা উল্লেখযোগ্যভাবে ব্যয় ছাড়াই সম্পন্ন করা সম্ভব হবে।
বার্তায় আরও বলা হয়, “আমাদের নেতা তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোনো পাবলিক মানি খরচ ছাড়াই আমরা বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করতে পারব।”
তবে তথ্য মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রণালয়ের একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের প্রস্তুতি চলছে। তথ্যমন্ত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তা কিছুটা বিলম্বিত হচ্ছে।
মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনি দেশে ফিরলে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে পূর্ণাঙ্গ ঘোষণা দেওয়া হতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!