জাতীয়

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ : প্রধানমন্ত্রী

আপডেট: জুন ১০, ২০২৬ : ০৬:১৪ এএম
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ : প্রধানমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত ১৭৫ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (১০ জুন) সকালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে শহীদ ও আহত সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

তিনি বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত। আত্মত্যাগের এই ইতিহাস শুধু বাংলাদেশের নয়, বরং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানে ২০২৫ সালে সুদানের মিশনে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া ছয় সেনাসদস্যের পরিবারের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। আহত সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী আরও জানান, এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের দুই লাখেরও বেশি সদস্য ৪৩টি দেশের ৬৩টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রায় ৫ হাজার ৮৬০ জন বাংলাদেশি শান্তিরক্ষী ১০টি মিশনে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জাতিসংঘের পতাকাতলে বাংলাদেশের শান্তিরক্ষীরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন, যা দেশের জন্য গর্বের বিষয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!