জাতীয়

জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল থেকে ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

আপডেট: জুন ১০, ২০২৬ : ০৬:৩১ এএম
জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল থেকে ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

দেশের বিভিন্ন জেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাত থেকে এ অর্থ এককালীন অবমুক্ত করেছে।

স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে ২ জুন জারি করা এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অধীন ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে দেশের ৬১টি জেলা পরিষদের অনুকূলে এ অর্থ ছাড় করা হয়েছে। বরাদ্দ পাওয়া জেলা পরিষদগুলো নিজ নিজ এলাকার উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করতে পারবে।

সরকারি আদেশ অনুযায়ী, জেলার প্রয়োজন ও উন্নয়ন চাহিদা বিবেচনায় বিভিন্ন জেলা পরিষদের জন্য পৃথকভাবে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ জেলা পরিষদকে ২ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা এবং কিছু জেলা পরিষদকে ২ কোটি ৯১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।

বরাদ্দের আওতায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা পরিষদ রয়েছে।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ বরাদ্দের মাধ্যমে জেলা পর্যায়ে সড়ক, সেতু-কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন, পানি ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ এবং অন্যান্য স্থানীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গতি আসবে।

আদেশে আরও বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন (পিপিএ-২০০৬), সরকারি ক্রয় বিধিমালা এবং সংশ্লিষ্ট আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।

প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। নির্ধারিত উন্নয়ন কার্যক্রম ছাড়া অন্য কোনো খাতে এ অর্থ ব্যয় করা যাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী কর্মকর্তা বরাদ্দকৃত অর্থের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতে এর আগে একাধিক কিস্তিতে অর্থ ছাড় করা হয়েছে। অর্থ বিভাগের পূর্বানুমোদন ও সম্মতির ভিত্তিতেই এ বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারের মতে, জেলা পরিষদগুলো স্থানীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ অর্থ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সহায়ক হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!