জাতীয়

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

আপডেট: জুন ১০, ২০২৬ : ০৬:৩৬ এএম
বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় দেশের কৃষকদের মধ্যে বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার চারা বিতরণ করবে সরকার। এ লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে ৫৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকার কৃষি প্রণোদনা ঘোষণা করেছে কৃষি মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ জুন) কৃষি মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ৬৪ জেলার কৃষকদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিনামূল্যে বিতরণ করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট বরাদ্দের মধ্যে চারা বাবদ ১২ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা, জৈব সার বাবদ ১৯ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা, বাঁশের খুঁটি বাবদ ৮ কোটি ১৪ লাখ টাকা, পরিবহন ব্যয় বাবদ ৭ কোটি ৬১ লাখ ৪৪ হাজার টাকা এবং অন্যান্য ব্যয় বাবদ ৫ কোটি ২০ লাখ ৯৬ হাজার টাকা রাখা হয়েছে।

কর্মসূচির আওতায় প্রতিটি চারার সঙ্গে ৩০ কেজি জৈব সার ও একটি বাঁশের খুঁটি দেওয়া হবে। চারার ধরন অনুযায়ী ব্যয় ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী নারিকেল, আম, লিচু, কাঁঠাল, মাল্টা, জলপাইসহ বিভিন্ন ফলদ ও বনজ চারা বিতরণ করা হবে। একই সঙ্গে অর্জুন, মেহগনি, নিম, খেজুরসহ বিভিন্ন প্রজাতির বনজ চারা অন্তর্ভুক্ত রয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, একজন কৃষক বা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচটি চারা পাবেন। বসতবাড়ি, পতিত জমি, সড়কের পাশ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করা যাবে।

কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসরণসহ কঠোর আর্থিক শৃঙ্খলা মানার নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকাভুক্ত কৃষকদের ছবি ও জাতীয় পরিচয়পত্র যাচাই করে মাস্টাররোলের মাধ্যমে উপকরণ বিতরণ করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শিগগিরই মাঠ পর্যায়ে বিতরণ শুরু হবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব জানান, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ জুন কক্সবাজারের চকরিয়ায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর সারাদেশে একযোগে চারা বিতরণ শুরু হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!