নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সম্পূর্ণ নারীদের পরিচালনা ও ব্যবস্থাপনায় ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি গণপরিবহনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ বাসসেবায় পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন নারীরাই।
এ সময় তিনি শিশুশ্রম, বিশেষ করে জবরদস্তিমূলক শিশুশ্রম বন্ধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, শিশুশ্রম প্রতিরোধে আইনি কাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি শিশুদের বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
অর্থমন্ত্রী জানান, এ লক্ষ্য সামনে রেখে ইতোমধ্যে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬–২০৩০-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। পরিকল্পনাটির মাধ্যমে শিশুশ্রম নিরসন, শিশু সুরক্ষা এবং তাদের শিক্ষা ও বিকাশের সুযোগ সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি ও নীতিগত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সরকারের মতে, নারীদের পরিচালিত ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালু হলে একদিকে যেমন নারীদের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে, অন্যদিকে গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যও বাড়বে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!