বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের একমুখী নির্ভরতা দেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
শনিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ–জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর বাংলাদেশ থেকে ১০ থেকে ১৩ লাখ মানুষ বিদেশে কর্মসংস্থানের জন্য যান। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যান। এই একক নির্ভরতা দেশের অর্থনীতি ও শ্রমবাজারের জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, কোনো একটি দেশের নীতিগত পরিবর্তনের কারণে লাখো পরিবারের জীবিকা হুমকির মুখে পড়তে পারে। এ কারণে শ্রমবাজারকে বহুমুখীকরণ করা এখন সময়ের দাবি।
নুরুল হক আরও বলেন, দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা সীমিত সময়ের জন্য পাওয়া যাবে। এই সুযোগ কাজে লাগাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি।
তিনি জানান, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। এসব বাজার দ্রুত কাজে লাগাতে না পারলে বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ানুল হকসহ অন্যান্য বক্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!