জাতীয়

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

আপডেট: জুন ১৬, ২০২৬ : ০৪:২০ এএম
মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক আলোচনা গুরুত্বপূর্ণ হলেও সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ প্রতিষ্ঠার বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে।

সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক গণমাধ্যমের নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দুপুর পৌনে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় গণমাধ্যম প্রতিনিধিদের বিভিন্ন মতামত ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন।

সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী দেশ গঠনের কাজে গণমাধ্যমের আরও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন। তিনি উল্লেখ করেন, সমাজে মানবিক মূল্যবোধের চর্চা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেছেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী একটি উদাহরণ দিয়ে বলেছেন, অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি বা প্রাণী নির্যাতনের শিকার হলেও মানুষ এগিয়ে না এসে শুধু ভিডিও ধারণ করে। এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে এসে সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ ও মানবিক আচরণকে উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে নিয়মিত সংলাপ ও মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

মতবিনিময় সভায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নির্বাহী ও বার্তা প্রধানরা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলা ভিশনের আবদুল হাই সিদ্দিকী, সময় টিভির জুবায়ের বাবু, ডিবিসি নিউজের লোটন ইকরাম, মোহনা টেলিভিশনের রাশেদুল হক, একাত্তর টেলিভিশনের শফিক আহমেদ, জিটিভির গাউসুল আজম বিপু, দেশ টিভির মহিউদ্দীন, নিউজ টোয়েন্টিফোরের শরিফুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের জহিরুল আলম, যমুনা টিভির ফাহিম আহমেদ, নাগরিক টিভির ইরফানুল হক নাহিদ, আরটিভির ইলিয়াস হোসেন এবং বাংলা টিভির এম এম বাদশা।

সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বক্তব্য দেন। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদী আমিন, স্পিচ রাইটার এস. এ. এম. মাহফুজুর রহমান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী উপস্থিত গণমাধ্যম ব্যক্তিত্বদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!