প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে রাখার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনকও বটে।’ পররাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সরকারের অবস্থান জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) দুই দিনব্যাপী বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর।
কূটনৈতিক ও গণমাধ্যম সূত্র জানিয়েছে, বিমানবন্দরে নিয়মিত স্ক্রিনিংয়ের সময় একটি নজরদারি তালিকায় তাঁর নাম উঠে এলে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং দীর্ঘ সময় অপেক্ষায় রাখে। পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে তিনি সরকারি সফর বাতিলের সিদ্ধান্ত নেন।
সরাসরি ঢাকার ফ্লাইট না থাকায় রোববার রাতে তিনি দেশে ফিরতে পারেননি। পরে সোমবার কলম্বো হয়ে ঢাকায় ফেরেন। ভ্রমণের সময় তাঁর কাছে সার্ক ভিসাসহ একটি সাধারণ বাংলাদেশি পাসপোর্ট ছিল। কোনো কূটনৈতিক পাসপোর্ট সঙ্গে ছিল না বলে জানা গেছে।
নয়াদিল্লিতে ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত আইওআরএর সিনিয়র অফিসিয়ালস কমিটির (সিএসও) ২৮তম সভায় সদস্য দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন। ‘ইনোভেশন, ওপেননেস, রেজিলিয়েন্স অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি’ প্রতিপাদ্যে আয়োজিত এ বৈঠকে ভারত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন, আঞ্চলিক অগ্রাধিকার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আইওআরএর দ্বিতীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা হিসেবে সিএসও সংস্থাটির বিভিন্ন কার্যক্রমের সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!