জাতীয়

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী শ্রীলঙ্কা

আপডেট: জুন ১৭, ২০২৬ : ০৫:৩৭ এএম
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী শ্রীলঙ্কা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে শ্রীলঙ্কা। দেশটির প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া বলেছেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে শ্রীলঙ্কা কাজ করতে চায়।

মঙ্গলবার শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহের কথা জানান। শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া বলেন, হাইকমিশনারের দায়িত্বকালে নেওয়া বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টা ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। এসব উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী করতে আন্দালিব ইলিয়াসের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে।

বৈঠকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল ও ফলপ্রসূ করার বিষয়ে মতৈক্য প্রকাশ করা হয়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। দুই দেশই বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের পাশাপাশি নতুন সম্ভাবনাময় খাত চিহ্নিত করে কাজ করতে আগ্রহী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!