জাতীয়

কৃষিতে এবার অতীতের তুলনায় সর্ববৃহৎ বাজেট : কৃষিমন্ত্রী

আপডেট: জুন ১৮, ২০২৬ : ০৫:৪১ এএম
কৃষিতে এবার অতীতের তুলনায় সর্ববৃহৎ বাজেট : কৃষিমন্ত্রী

অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার কৃষি খাতে সবচেয়ে বড় বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে তিন দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে কৃষি বাজেট গত বছরের তুলনায় ১০ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে প্রণোদনা ও উন্নয়ন বাজেটের ভেতরেও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।

তিনি জানান, প্রণোদনা খাতে বরাদ্দ বেড়েছে ৫৯ শতাংশ, যা এ খাতের জন্য বড় অগ্রগতি। “যারা বলেন কৃষিতে বাজেট কমেছে, তারা সঠিক হিসাব করেননি। বাস্তবে এবার কৃষিতে অতীতের তুলনায় সর্ববৃহৎ বাজেট দেওয়া হয়েছে,” বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশে ফল উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দেশীয় অনেক বিলুপ্তপ্রায় ফল পুনরায় চাষে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি যেসব বিদেশি ফল আগে আমদানি করতে হতো, এখন সেগুলো দেশেই উৎপাদন হচ্ছে।

তিনি বলেন, ফলে ফল আমদানি নির্ভরতা কমছে এবং ভবিষ্যতে দেশ ফল রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। ড্রাগন ফল প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, আগে যেখানে এটি আমদানি করতে হতো, এখন সেটি রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। “আবহাওয়া অনুকূল থাকায় আমরা এখন ড্রাগন ফল রপ্তানির সক্ষমতা অর্জনের পথে,” যোগ করেন তিনি।

এ ছাড়া তিনি জানান, আম ও কাঁঠালসহ বিভিন্ন ফল ইতোমধ্যে রপ্তানি শুরু হয়েছে এবং আগামী দিনে এ খাত আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!