জাতীয়

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট: জুন ২১, ২০২৬ : ০৪:৪৯ এএম
পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত বিএনপি কর্মী মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সহযোগিতায় এ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চিকিৎসক সূত্রে জানা গেছে, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে নয়নের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

সংগঠনটির নেতারা জানান, আহত নয়নের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। তার চিকিৎসার সার্বিক খরচ বহনের উদ্যোগও নেওয়া হয়েছে।

নয়ন হোসেন বগুড়ার বাঘোপাড়া এলাকার বাসিন্দা। তিনি বিএনপির একজন কর্মী। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে তিনি আহত হন। ওই ঘটনায় তার চোখে গুরুতর আঘাত লাগে।

নয়নের পরিবারের সদস্যরা চিকিৎসা সহায়তার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, দ্রুত ও উন্নত চিকিৎসার মাধ্যমে নয়নের শারীরিক অবস্থার উন্নতি হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!