পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার রাজধানীর রামপুরায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ অধ্যয়ন বিভাগের ‘ব্যাচেলর অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (বিডিএম)’ কর্মসূচির উদ্যোগে ‘বিল্ডিং ফিউচার লিডার্স ফর এ সেফার অ্যান্ড মোর রেজিলিয়েন্ট ওয়ার্ল্ড’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা একে অপরের পরিপূরক। টেকসই পরিবেশ ব্যবস্থাপনা দুর্যোগ ঝুঁকি কমানোর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা শুধু দুর্যোগ-পরবর্তী প্রতিক্রিয়ার বিষয় নয়; এটি মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আগাম প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং সহনশীল সমাজ গড়ে তোলার একটি সমন্বিত প্রক্রিয়া।
আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তা সত্ত্বেও দুর্যোগ প্রস্তুতি ও সহনশীলতার ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটি অনুকরণীয় উদাহরণ তৈরি করেছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, কমিউনিটি স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার ফলে দেশে দুর্যোগজনিত প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমেছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে বিশ্বজুড়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু অভিযোজন এবং মানবিক সহায়তা কার্যক্রমে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। এ বাস্তবতায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার গুরুত্বও বাড়ছে।
তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ব্যাচেলর অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (বিডিএম)’ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ কর্মসূচির শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালার প্যানেল আলোচনায় অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ অধ্যয়ন বিভাগের ডিন অধ্যাপক ড. ফুয়াদ এইচ. মালিক, সহযোগী অধ্যাপক ড. ইমন চৌধুরী, ইউনেস্কো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. সুসান ভাইজ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোল্যান্ড।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!