সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সব সময় জনগণের পাশে থাকতে চায় এবং জনগণের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে। দলের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হলেও জনগণের শক্তির ওপর আস্থা রেখে বিএনপি এগিয়ে যাবে।
শনিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তবে জনগণের সমর্থন থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই তাদের সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পরিচালনার লক্ষ্যে কাজ করতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি অতীতেও জনগণের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ নানা উন্নয়ন ও সুযোগ-সুবিধা পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ইলিয়াস আহমদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ দলীয় নেতাকর্মী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!